মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

সৈয়দপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে নার্সের অবস্থান

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৬, ১২:৩৩ পিএম

সৈয়দপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে নার্সের অবস্থান

বিয়ের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে প্রেমিকের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন মনি আক্তার (২৭) নামের এক নার্স। রবিবার (২৫ অক্টোবর) সকাল ১১টা থেকে রাত ১১ টা পর্যন্ত তিনি ওই বাড়িতে অবস্থান করছিলেন। এদিকে তাঁর আসার খবর পেয়ে বাড়িতে তালা দিয়ে প্রেমিক জাকারিয়া সরকার জনি ও তাঁর পরিবারের সদস্যরা চলে গেছেন বলে জানা গেছে।

মনি আক্তার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চান মিয়ার মেয়ে। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত। অন্যদিকে, জাকারিয়া সরকার জনি সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর চরকপাড়া এলাকার সেকেন্দার সরকারের ছেলে। তিনি উত্তরা ইপিজেডের একটি প্রতিষ্ঠানে কাজ করেন।

মনি আক্তারের দাবি, দিনাজপুরে একই কলেজে পড়াশোনার সুবাদে জাকারিয়ার সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর গত দুই বছর ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সময় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জাকারিয়া তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগ করেন তিনি।

মনি বলেন, পরিবারের পক্ষ থেকে অন্যত্র তাঁর বিয়ের আয়োজন করা হলে জাকারিয়া আত্মহত্যার হুমকি দেন। তাঁর কথায় বিশ্বাস করে ওই বিয়ে থেকে সরে আসেন তিনি। এ ঘটনায় পরিবারের সঙ্গেও তাঁর সম্পর্কের অবনতি হয়। তবে এখন জাকারিয়া সম্পর্কের বিষয়টি অস্বীকার করছেন বলে অভিযোগ মনির।

তিনি আরও বলেন, “জাকারিয়ার কারণে আমি আগের বিয়েতে রাজি হইনি এবং পরিবারের সঙ্গেও দূরত্ব তৈরি হয়েছে। এখন বিয়ের প্রতিশ্রুতি রক্ষা না করায় বাধ্য হয়ে তাঁর বাড়িতে এসেছি। বিয়ে না করলে আত্মহত্যা করব।”

এ বিষয়ে বক্তব্য জানতে জাকারিয়া সরকার জনি ও তাঁর বাবা সেকেন্দার সরকারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের সাড়া পাওয়া যায়নি। ফলে অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, “এ বিষয়ে ওই নারী এখনো থানায় কোনো অভিযোগ দেননি। তাই বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ইউডি/রেজা

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!