মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৯ নভেম্বর

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৬, ০৯:৫৭ পিএম

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৯ নভেম্বর

খুলনা জেলা আইনজীবী সমিতির ২০২৭ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ নভেম্বর এ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার (২৪ অক্টোবর) তিন সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা পরিষদ আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ অক্টোবর সকাল ১০টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ তালিকার বিরুদ্ধে আপত্তি দাখিলের শেষ সময় ২৭ অক্টোবর বিকেল ৩টা পর্যন্ত। আপত্তি শুনানি ও সিদ্ধান্ত গ্রহণ এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৮ অক্টোবর। তফসিল অনুযায়ী, আগামী ৩ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৫ নভেম্বর। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ৮ নভেম্বর এবং মনোনয়নপত্র বাছাই হবে ৯ নভেম্বর। বাছাই শেষে ১০ নভেম্বর খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ১১ নভেম্বর এবং আপিল শুনানি ও নিষ্পত্তি হবে ১২ নভেম্বর।

এ ছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৫ নভেম্বর। চূড়ান্তভাবে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ১৬ নভেম্বর। ১৯ নভেম্বর প্রজেকশন মিটিং অনুষ্ঠিত হবে। সর্বশেষ ২৯ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ নুরুল হাসান রুবা। পরিষদের অন্য দুই সদস্য হলেন অ্যাডভোকেট এস. এম. মুজিবর রহমান ও অ্যাডভোকেট মো. মোমিনুল ইসলাম।

নির্বাচন পরিচালনা পরিষদের সদস্য অ্যাডভোকেট মোঃ মোমিনুল ইসলাম বলেন, “খুলনা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন পরিচালনা পরিষদ কাজ করছে। নির্বাচনী তফসিল অনুযায়ী সব কার্যক্রম সম্পন্ন করা হবে। এ ক্ষেত্রে সমিতির সদস্যদের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করছি।”

তিনি আরও বলেন, “নির্বাচনে সকল প্রার্থী ও ভোটার যেন সমান সুযোগ পান এবং আইনজীবীদের মতামতের যথাযথ প্রতিফলন ঘটে, সে লক্ষ্যে নির্বাচন পরিচালনা পরিষদ দায়িত্বশীল ভূমিকা পালন করবে।”

ইউডি/রেজা

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!