মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

মাজারের দানবাক্সে শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে চিঠি

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৬, ০৭:৪৬ পিএম

মাজারের দানবাক্সে শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে চিঠি

শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সুস্থতা কামনা করে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চিঠি দিয়েছেন ছাত্রলীগের এক নেতা। শেখ হাসিনা আবার বাংলাদেশের মানুষের আশার আলো হয়ে ফিরে আসবেন, এমন প্রার্থনাও করা হয়েছে চিঠিতে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে মাজারের দানবাক্স ও ডেগের অর্থ গণনার সময় চিঠিটি পাওয়া যায়। চিঠিতে লেখক হিসেবে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের নেতা হাবিবুর রহমান রাজুর নাম উল্লেখ রয়েছে।

চিঠিতে ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ লেখা। ওই দিন শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনার কথা উল্লেখ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে শেখ হাসিনার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।

চিঠিতে লেখা হয়েছে, ‘‘বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে হযরত শাহজালাল মাজারে নেত্রীর জন্য দোয়া ও প্রার্থনা করছি। আল্লাহ পাক যেন তাকে সর্বদা সুস্থ রাখেন এবং বাংলাদেশের মানুষের আশার আলো হয়ে যেন ফিরে আসেন। আমিন।’’ 

চিঠির শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘জয় হোক দেশরত্ন শেখ হাসিনার’ স্লোগান লেখা রয়েছে। লেখক হিসেবে হাবিবুর রহমান রাজুর নামের পাশাপাশি নোয়াখালী জেলার উল্লেখ আছে।

চিঠিতে ২৮ সেপ্টেম্বর সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজনের কথাও বলা হয়েছে। তবে সেই আয়োজন কোথায় হয়েছিল, সে বিষয়ে চিঠিতে বিস্তারিত তথ্য নেই।

ইউডি/রেজা

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!