মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

শিম চাষে স্বপ্ন দেখছেন চাষি, ছাড়াল আবাদের লক্ষ্যমাত্রা

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৬, ১১:০৪ পিএম

শিম চাষে স্বপ্ন দেখছেন চাষি, ছাড়াল আবাদের লক্ষ্যমাত্রা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সবজি চাষিদের চোখে প্রাপ্তির ঝিলিক। শিম চাষে প্রত্যাশা পূরণের আলো দেখছেন তারা। চলতি মৌসুমে উপজেলায় শিমের আবাদ নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।

মাধবপুরের অধিকাংশ সবজিক্ষেত সবুজ শিমগাছ আর উজ্জ্বল সাদা ফুলে ভরে উঠেছে। লতানো গাছে ঝুঁকে গেছে শিমের ভারে। চাষিরা বলছেন, শিমের ফলন শুধু আবাদের লক্ষ্যমাত্রা নয় তাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। তবে শুধু ফলনেই নয়, বাজারে বর্তমানে শিমের যে দর তাতেও সন্তুষ্ট তারা। এই দর বজায় থাকলে এবার শিম বিক্রি করে ভালো লাভের আশা রয়েছে। এমনটাই জানিয়েছেন স্থানীয় চাষিরা

উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ২৮০ হেক্টর জমিতে শিমের আবাদ হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১০ হেক্টর বেশি। ফলনের মাত্রা দেখে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জমিতে শিমগাছের পরিচর্যায় ব্যস্ত চাষিরা। শেষ মুহূর্তের এই যত্নে পুরো ফসল ঘরে তুলতে চান তারা। অনুকূল আবহাওয়া ও রোগবালাইয়ের উপদ্রব কম থাকায় এবার ভালো ফলনের প্রত্যাশা তাদের।

জগদীশপুর এলাকার শিমচাষি সাইফুল ইসলাম বলেন, বর্তমানে বাজারে প্রতি কেজি শিম ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এই দাম বজায় থাকলে ভালো লাভ হবে। তবে সার, বীজ ও শ্রমিকের খরচ আগের চেয়ে বেশি, তাই শেষ পর্যন্ত ন্যায্যমূল্য পাওয়াটা জরুরি।

ইউডি/কেএস
 

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!