মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

গাজীপুরে বসতবাড়িতে আগুন, একই পরিবারের ৪ জন দগ্ধ

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৬, ০৮:০৭ পিএম

গাজীপুরে বসতবাড়িতে আগুন, একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুরে একটি বসতবাড়িতে আগুন লেগে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাতটার দিকে গাজীপুর মহানগরীর সদর থানার পশ্চিম ভুরুলিয়া লালমাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিকেলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক সাইদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

দগ্ধরা হলেন—ব্যবসায়ী মহসিন প্রধান রুবেল (৩২), তার স্ত্রী সাদিয়া বেগম ওরফে সুবর্ণা (২৬) এবং তাদের দুই ছেলে সোয়াদ প্রধান (৩) ও সাইয়ান প্রধান (৬)। দগ্ধদের মধ্যে সাদিয়া বেগম ও সাইয়ান ইনস্টিটিউটে ভর্তি আছেন এবং মহসিন প্রধান রুবেল ও সোয়াদ পর্যবেক্ষণে রয়েছেন।

ফায়ার সার্ভিসের উপপরিচালক সাইদুল আলম জানান, শুক্রবার সকালের দিকে গাজীপুর সদর থানার পশ্চিম ভুরুলিয়া লালমাটি এলাকায় মিয়াজ উদ্দিন প্রধানের টিনশেডের হাফ বিল্ডিং বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

তিনি আরও জানান, আগুনে ওই বাড়ির পাঁচটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে শুনেছি। আমরা গিয়ে আহতদের পাইনি।

এদিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বরাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, গাজীপুরে একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, আগুন কাঠের তৈরি সিলিংয়ে ছড়িয়ে পড়ে। এরপর বারান্দায় রাখা দুটি মোটরসাইকেলে আগুন ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে যায়। দগ্ধ চারজনকে প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

ইউডি/রেজা

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!