প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৬, ০৩:২৯ পিএম
হামের উপসর্গে সিলেটে এক দিনে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০০ জনে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক কার্যালয়ের প্রকাশিত পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়। তারা হলেন সিলেটের বিয়ানীবাজারের শহীদুল ইসলামের এক বছর বয়সী ছেলে আবদুল্লাহ আল সাফওয়ান, কোম্পানীগঞ্জের মকবুল হোসাইনের ৯ মাস বয়সী ছেলে জিসান আহমেদ এবং হবিগঞ্জ সদরের মিজানুর রহমানের তিন মাস ২৪ দিন বয়সী শিশু জায়ান।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর হাম ও এর উপসর্গে সিলেট জেলায় সর্বোচ্চ ৮৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সুনামগঞ্জে ৬৯ জন, হবিগঞ্জে ৩২ জন এবং মৌলভীবাজারে ১৬ জন মারা গেছেন।
এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ৯৪ জন রোগী ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত তারা হাসপাতালে ভর্তি হন।
বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৪৩০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে স্বাস্থ্য বিভাগের তথ্যে উল্লেখ করা হয়েছে।
হাসপাতালভিত্তিক হিসাবে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৬ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৭৯ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ২৩ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৯ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন এবং নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া বিশ্বনাথ ও কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন রোগী ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৫ জনে।
ইউডি/কেএস


