মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

ওভারটেক করতে গিয়ে খুলে গেল চাকা, প্রাণ গেল শিশুর

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৬, ০২:২৭ পিএম

ওভারটেক করতে গিয়ে খুলে গেল চাকা, প্রাণ গেল শিশুর

পানছড়ি-খাগড়াছড়ি সড়কে সিএনজিচালিত অটোরিকশা ওভারটেক করতে গিয়ে সামনের চাকা খুলে দুর্ঘটনার কবলে পড়েছে অপর একটি অটোরিকশা। এতে তানিয়া আক্তার (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৪ নম্বর লতিবান ইউনিয়নের প্রিন্সিপাল পাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ এ তথ্য জানান।

মারা যাওয়া তানিয়া আক্তার খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি এলাকার পুরাতন বর্ণাল গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। 

পানছড়ি বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, পানছড়ি থেকে খাগড়াছড়ির দিকে যাওয়ার পথে একটি সিএনজিচালিত অটোরিকশা অপর একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করছিল।  এ সময় সামনের চাকা খুলে গেলে ওভারটেক করতে যাওয়া অটোরিকশাটি দুর্ঘটনার শিকার হয়। এ সময় অটোরিকশায় থাকা শিশু তানিয়া আক্তার ও বিজিবি সদস্য নায়েব সুবেদার মো. আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তানিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। 

বিজিবি সূত্র জানায়, আহত বিজিবি সদস্য. আব্দুর রাজ্জাক ৩ বিজিবি ব্যাটালিয়নের আরআইবি সদস্য। তিনি অস্থায়ী দায়িত্ব পালনের জন্য পানছড়ি ব্যাটালিয়ন থেকে সিএনজিচালিত অটোরিকশায় গুইমারা সেক্টরে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর তাকে ৩ বিজিবি পানছড়ি ব্যাটালিয়নের চিকিৎসাকক্ষে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গুইমারা সেক্টরের শহীদ মামুনুর রহমান বিজিবি হাসপাতালে পাঠানো হয়।

ইউডি/কেএস


 

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!