প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৬, ০৯:০৫ পিএম
পটুয়াখালীর বাউফলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় বিষয় নিয়ে মন্তব্য ও পাল্টা প্রশ্নের জেরে মো. শওকাত হোসেন (২৯) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে সাকিল খানের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সাকিল খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বাউফল সদর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
আহত শওকাত হোসেন বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবুল মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শওকাত হোসেন ও সাকিল খানের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডিতে ধর্মীয় বিষয় নিয়ে মন্তব্য ও শেয়ার করাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধ আরও বাড়ে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের দাবি, সাকিলের বিভিন্ন আইডিতে ধর্মীয় বিষয় নিয়ে করা মন্তব্য সম্পর্কে শওকাত জানতে চান। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে তাঁরা সেখান থেকে চলে যান। পরে সাকিল একটি ধারালো ছুরি নিয়ে এসে শওকাতের ওপর হামলা করেন বলে অভিযোগ উঠেছে। এতে শওকাত গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, দুজনের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। একজনকে চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। যিনি আঘাত করেছেন, তাঁকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি থানা হেফাজতে রয়েছেন।
ওসি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ দেওয়া হোক বা না হোক, তাঁকে আদালতে পাঠানো হবে।
এ ঘটনায় ধর্মীয় বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের জেরে বিরোধের অভিযোগ উঠলেও, ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণে পুলিশের তদন্ত এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গুরুত্বপূর্ণ।
ইউডি/রেজা/রুবেল


