মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

বিয়ের স্বপ্নের ৭ লাখ টাকা পুড়ে ছাই, মোশাররফের পাশে বিএনপি নেতা হুমায়ুন কবির

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৬, ০৭:৫০ পিএম

বিয়ের স্বপ্নের ৭ লাখ টাকা পুড়ে ছাই, মোশাররফের পাশে বিএনপি নেতা হুমায়ুন কবির

পটুয়াখালীর বাউফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর, গবাদিপশু, আসবাবপত্র ও নিজের এবং বোনের বিয়ের জন্য দীর্ঘ ১০-১২ বছরে জমানো প্রায় সাত লাখ টাকা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন মোশাররফ হোসেন (৩০)। এমন অসহায় পরিস্থিতিতে তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে তিনি ব্যক্তিগত অর্থায়নে মোশাররফকে এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
‎
‎এর আগে গত রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাংলালিংক টাওয়ারসংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মোশাররফের বসতঘর, দুটি গরু, ছয়টি ছাগল, হাঁস-মুরগি ও ঘরের আসবাবপত্র পুড়ে যায়। একই সঙ্গে পুড়ে ছাই হয়ে যায় নিজের ও বোনের বিয়ের জন্য গরু-ছাগল বিক্রি করে বছরের পর বছর ধরে জমানো প্রায় সাত লাখ টাকা। এতে পরিবারটি চরম সংকটে পড়েছে।
‎
‎মোশাররফ জানান, মাত্র এক বছর বয়সে তিনি বাবাকে হারান। এরপর মা ও বোনকে নিয়ে তাঁদের সংসার। কৃষিকাজের পাশাপাশি গরু-ছাগল পালন করে জীবিকা নির্বাহ করতেন তিনি। একসময় অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। পরে অটোরিকশার ব্যাটারি চুরি হয়ে যাওয়ায় সেটি বিক্রি করে দেন। এরপর গরু-ছাগল পালন করে যা আয় করেছেন, তা থেকে অল্প অল্প করে টাকা জমিয়েছিলেন।
‎
‎গত ১০-১২ বছরে পাঁচটি গরু ও ৪০টির বেশি ছাগল বিক্রি করে প্রায় সাত লাখ টাকা সঞ্চয় করেন তিনি। সেই টাকা দিয়ে নিজের ও বোনের বিয়ের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু আগুনে তাঁর দীর্ঘদিনের পরিশ্রম ও সঞ্চয় এক মুহূর্তেই শেষ হয়ে যায়।
‎
‎মোশাররফের এই দুর্দশার খবর পেয়ে তাঁর পাশে দাঁড়ান বিএনপি নেতা হুমায়ুন কবির। সহায়তা প্রদানকালে তিনি বলেন, ‘আমি নিজ অর্থায়নে মোশাররফকে এক লাখ টাকা আর্থিক সহায়তা করেছি। এই বিপদের সময়ে তাঁর পাশে থাকার চেষ্টা করেছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা রয়েছে। সমাজের সবাই এই পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে পরিবারটি আবার ঘুরে দাঁড়াতে পারবে।’
‎
‎দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা স্বপ্ন হারিয়ে এখন নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে মোশাররফ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে কীভাবে সংসার চালাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা।
‎
ইউডি/রেজা/রুবেল

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!