মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু, ইয়াছিনের পরিবারে শোকের ছায়া ‎

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৬, ০৬:২৬ পিএম

পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু, ইয়াছিনের পরিবারে শোকের ছায়া ‎

পুকুরে ফুটবল নিয়ে সাঁতার কাটতে নেমেছিল ছোট্ট ইয়াছিন মৃধা (৭)। কিন্তু সেই সাঁতারই হয়ে উঠল তার জীবনের শেষ যাত্রা। কিছুক্ষণ আগেও যে শিশুটি খেলাধুলায় মেতে ছিল, পরে সেই পুকুর থেকেই উদ্ধার করা হলো তার নিথর দেহ। মর্মান্তিক এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
‎
‎সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃধা বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। দুপুর আড়াইটার দিকে পুকুর থেকে ইয়াছিনের মরদেহ উদ্ধার করা হয়।
‎
‎নিহত ইয়াছিন ওই এলাকার মহিষ ব্যবসায়ী মো. ফোরকান মৃধা ও মোসা. ফাতেমা বেগম দম্পতির তিন সন্তানের মধ্যে সবার ছোট।
‎
‎পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে ইয়াছিন তার ১২ বছর বয়সী মামা আব্দুল্লাহর সঙ্গে বাড়ির পুকুরে সাঁতার কাটতে যায়। কিছুক্ষণ পর দুজনই পানি থেকে উঠে আসে। পরে ইয়াছিন একটি ফুটবল নিয়ে আবারও পুকুরে নামে। সাঁতার কাটার একপর্যায়ে ফুটবলটি তার কাছ থেকে দূরে সরে যায়। সেটি আনতে গিয়ে সে পানিতে ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।
‎
‎পরিবারের সদস্যরা জানান, ইয়াছিন এর আগেও ওই পুকুরে ফুটবল নিয়ে সাঁতার কাটত। তবে সোমবারের ঘটনায় শেষ পর্যন্ত আর তীরে ফিরে আসা হয়নি তার। পরে পুকুর থেকে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
‎
‎এদিকে, সাত বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
‎
‎এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
‎
ইউডি/রেজা

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!