মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় তিনদিনের লালন মেলা শুরু শনিবার

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৬, ১২:৩৩ পিএম

কুষ্টিয়ায় তিনদিনের লালন মেলা শুরু শনিবার

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আঁখড়াবাড়িতে শনিবার (১৭ অক্টোবর) শুরু হচ্ছে তিন দিনব্যাপী অনুষ্ঠান। লালন একাডেমি, জেলা প্রশাসন ও সংস্কৃতি মন্ত্রণালয় যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করবে।

তিনদিনের এ আয়োজনে থাকছে- মাজার প্রাঙ্গণে সাধুদের নিজস্ব রীতিনীতি অনুযায়ী কার্যক্রম, মাজারের বাইরে লালন মুক্তমঞ্চে আলোচনা সভা ও গভীর রাত অবধি লালন গানের অনুষ্ঠান। সেই সঙ্গে বসছে গ্রামীন লালন মেলা। মেলাকে ঘিরে লাখো দর্শনার্থীদের আগমনের সম্ভাবনায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।

ইতোমধ্যেই লালন একাডেমি চত্বর ও আঁখড়াবাড়িতে দেশের বিভিন্ন স্থান থেকে সাধু ও ভক্তরা আসতে শুরু করেছেন। সাধুদের অনুষ্ঠানের মধ্যে রয়েছে- শনিবার সন্ধ্যায় বাল্যসেবা, রবিবার সকালে রাখাল সেবা ও দুপুরে পুন্যসেবা। সাধু-গুরুর ভক্তি ও ভাবের আদান প্রদান। এছাড়া, সোমবার (১৯ অক্টোবর) পর্যন্ত চলবে মেলা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

ফকির নজিরত শাহ জানান, এই দিনটি আমাদের জন্য খুবই বেদনা দায়ক। সাঁইজি এই দিনে তার দেহ ত্যাগ করেন। আমরা সাধু-ভক্তরা সবাই মিলে সাধু সঙ্গের মধ্য দিয়ে এই দিবসটি পালন করি। এখানে আসতে কারো দাওয়াতের প্রয়োজন হয় না।

লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়া জেলা প্রশাসক তোহিদ বিন-হাসান জানান, বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষ্যে ছেঁউড়িয়ার লালন মাজার প্রাঙ্গণে প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রতিবছরের ন্যায় ১ কার্তিক শুরু হবে এই আয়োজন। জেলা প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ ইয়াসমিন বেগম দিবসটি পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা করেছেন।

তিনি জানান, এ আয়োজন ঘিরে মাজার এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ, র‌্যাব, গোয়েন্দা পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিষ্টেট দায়িত্ব পালন করবেন। সেই সঙ্গে সাধুদের কার্যক্রম সঠিকভাবে পালনের জন্যও সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ইউডি/কেএস

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!