প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৬, ১২:২৬ পিএম
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট ২৯ জনের মৃত্যু হয়েছে এই হাসপাতালে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে হাসপাতালের ডেঙ্গু ইউনিটের চিকিৎসক মো. সেলিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়ারা হলেন- ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ইদ্রিস আলীর স্ত্রী হারিছা বেগম (৬৫), নান্দাইল উপজেলার ফরিদ মিয়ার ছেলে মিনহাজ (১৮) ও টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার হযরত আলীর স্ত্রী মরিয়ম বেগম (৪৫)।
চিকিৎসক সেলিম উদ্দিন জানান, তিনজনের মধ্যে দুইজন আইসিইউতে মারা গেছেন। তিনজনরই ডেঙ্গু জ্বরের পাশাপাশি অন্যান্য শারীরিক জটিলতা ছিল। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৬৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩১ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৬১ জন। তাদের মধ্যে পুরুষ ১০৭ জন, নারী ৪৪ জন ও শিশু রয়েছে ১০জন। ভর্তিকৃত রোগীদের মধ্যে দুইজন আইসিইউতে আছেন। বাকিদের অধিকাংশের অবস্থা স্থিতিশীল।
তিনি জানান, চলতি বছরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩ হাজার ৩৯৭ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
ইউডি/কেএস


