মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

স্বামীকে মদপান করিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১১:৪৭ এএম

স্বামীকে মদপান করিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

ময়মনসিংহের হালুয়াঘাটে স্বামীকে মদ পান করানোর পর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শাহজাহান (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ওই নারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এর আগে রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের কড়াইতলী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে ওই নারীর বিয়ে হয়। তাদের পাঁচ বছর বয়সি একটি ছেলে রয়েছে। নিজেদের কোনো জায়গা জমি বা বাড়িঘর না থাকায় তারা অন্যের বাড়ির বারান্দার একটি কক্ষে বসবাস করেন। ওই নারীর স্বামী মাদকাসক্ত বলে জানিয়েছে পুলিশ।

অভিযোগে ওই নারী উল্লেখ করেন, ঘটনার দিন শাহজাহান ও তার স্বামী স্থানীয় একটি গারো বাড়িতে গিয়ে মদ পান করেন। পরে সন্ধ্যায় তারা দুজন একসঙ্গে ওই নারীর থাকার জায়গায় যান। একপর্যায়ে তার স্বামী সেখান থেকে চলে গেলে শাহজাহান তাকে ধর্ষণ করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে শাহজাহান ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

ওসি আরও বলেন, অভিযুক্ত শাহজাহান ও ওই নারীর স্বামী দুজনই মাদকাসক্ত। তারা একসঙ্গে মদপান করতেন। তাদের কারো স্থায়ী বাড়িঘর নেই। ওই নারী অন্যের বাড়ির বারান্দায় বসবাস করতেন। ঘটনার দিন দুজন একসঙ্গে মদপান করার পর স্বামী অন্যদিকে চলে গেলে সেই সুযোগে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ইউডি/কেএস

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!