প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৭:২২ পিএম
'শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে' গানের সঙ্গে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকে) ভাইরাল হওয়া সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পালসহ ৪জন এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।
বিউটি রাণী পাল ছাড়াও জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগর উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জ উপজেলার ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস।
গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন সিলেট জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম।
-20260923132228.jpg)
জানা যায়, গত ২১ সেপ্টেম্বর সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদের স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে নির্বাচিত শিক্ষকদের তথ্য বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, বিভিন্ন উপজেলা থেকে বাছাই করা শিক্ষকদের মধ্য থেকে এবার চারজনকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়েছে।
প্রসঙ্গত ; গত ২৩ জুলাই বিউটি রাণী পাল তার ফেসবুকে কয়েক সেকেন্ডের একটি রিলস ভিডিও পোস্ট করেন। সেখানে নীল শাড়ি পরে আঁচল উড়িয়ে হাঁটার ওই ভিডিওতে ‘শ্রাবণের মেঘগুলো’ গানটি ব্যবহার করায় ট্রলের শিকার হন তিনি। পরবর্তীতে অবশ্যই ওই গানটিকেই প্রতীকী প্রতিবাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে সামাজিক মাধ্যমে অভিনব প্রতিবাদ শুরু করেন দেশের বিভিন্ন এলাকার শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন।
ইউডি/রেজা


