ইউডি সারাদেশ অন্লাইন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১১:২৯ পিএম
ফারুকের বাড়ির বিস্ফোরিত রান্নাঘর
শরীয়তপুরের জাজিরায় রান্নাঘরে রাখা হাতবোমা বিস্ফোরণে আহত এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার রাজধানীর বনশ্রী এলাকার ফরাজী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোকেয়া বেগম (৪০) মারা যান। হাসপাতালের হিসাব ব্যবস্থাপক হিমেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
রোকেয়া জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া চরকান্দি এলাকার বাসিন্দা ফারুক ছৈয়ালের স্ত্রী। গত ৫ সেপ্টেম্বর ফারুকের বাড়ির রান্নাঘরে বিস্ফোরণের ঘটনায় তিনি গুরুতর আহত হন।হাসপাতালের হিসাব ব্যবস্থাপক জানান, শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রোকেয়ার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে তাঁর মরদেহ নিয়ে যান।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, ঢাকার একটি হাসপাতালে আহত এক নারীর মৃত্যুর খবর তাঁরা পেয়েছেন। তবে মৃত্যুর বিষয়ে কোনো নথি এখনো থানায় পৌঁছায়নি। ঘটনার পর থানায় একটি সাধারণ ডায়েরি করা হলেও এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি।পুলিশ জানায়, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রান্নাঘরে বেশ কয়েকটি হাতবোমা মজুত থাকার তথ্য পাওয়া যায়। বিস্ফোরণের কারণে রান্নাঘরের চালা উড়ে যায় এবং পাশের দুটি বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পর স্থানীয়রা আহত রোকেয়াকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়। পরে বনশ্রীর ফরাজী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি
এম / হোসাইন
দৈনিক উত্তরদক্ষিণ