melongazi
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৬, ০২:১১ পিএম
উত্তরদক্ষিণ। সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, আপডেট ১৪:১১
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দীর্ঘ ১৮ মাস ধরে বন্ধ থাকা সার কারখানা দ্রুত চালু এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে পুনঃনামকরণের দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিক-কর্মচারীরা। দাবি আদায় না হলে রেলপথ, নৌপথ ও সড়কপথ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সোমবার (৩১ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এএফসিসিএল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে কারখানাটির আধুনিকায়ন ও দ্রুত উৎপাদনে ফেরানোর দাবিও জানানো হয়। এ সময় আন্দোলনকারীরা মহাসড়কে বিক্ষোভ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গ্যাস সরবরাহ না থাকায় গত ১৮ মাস ধরে আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এতে কারখানার শ্রমিক-কর্মচারীরা চরম আর্থিক সংকটে পড়েছেন। অবিলম্বে গ্যাস সংযোগ দিয়ে কারখানাটি চালু করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তারা।
শ্রমিক নেতারা বলেন, আশুগঞ্জ সার কারখানা দেশের শিল্প, কর্মসংস্থান ও কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। কারখানাটি চালু থাকা অবস্থায় প্রতিদিন গড়ে ১ হাজার ৬০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করা হতো। তবে দীর্ঘদিন ধরেই গ্যাস সংকটের কারণে কারখানাটি কখনো চালু, কখনো বন্ধ ছিল। গত বছরের ১ মার্চ থেকে পুরোপুরি উৎপাদন বন্ধ রয়েছে।
মানববন্ধনে বক্তারা জানান, কারখানাটিতে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় দুই হাজার শ্রমিক-কর্মচারী কর্মরত। দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় তাদের জীবিকা হুমকির মুখে পড়েছে।
শ্রমিক-কর্মচারীদের দাবির মধ্যে রয়েছে—অবিলম্বে কারখানায় গ্যাস সংযোগ দিয়ে উৎপাদন চালু করা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে কারখানাটির পুনঃনামকরণ এবং আধুনিকায়ন। পাশাপাশি ‘জিয়া সার কারখানা-২’ নামে দৈনিক ১ হাজার মেট্রিক টন উৎপাদনক্ষমতার নতুন একটি সার কারখানা স্থাপনের দাবিও জানিয়েছেন তারা।
বক্তারা বলেন, ন্যায্য দাবি দ্রুত মেনে নিয়ে কারখানা সচল করা না হলে পর্যায়ক্রমে রেলপথ, নৌপথ ও সড়কপথ অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।
শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আশুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. শাহজাহান ভুইয়া, সার কারখানার উপমহাব্যবস্থাপক (প্রশাসন) তাজুল ইসলাম ভূঁইয়া, অফিসার্স ওয়েলফার এসোসিয়েশনের সভাপতি মো. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু কাউসার, সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাদী মো. তানভীর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নোয়াব আলী মুন্সী, উপজেলা শ্রমিক শ্রমিক দলের আহ্বায়ক সুহেল পারভেজ, যুগ্ম আহ্বায়ক রাজিব পারভেজ, এনসিপির কেন্দ্রীয় নারী শক্তির যুগ্ম মুখ্য সংগঠক জয়ন্তি বিশ্বাস, উপজেলা ট্রাক-মালিক সমিতির সভাপতি মো. মাহালম, সাধারণ সম্পাদক চপল খাঁ, আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক এনামুল হকসহ এএফসিসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতাকর্মী ও শ্রমিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ইউডি/রেজা