ইউডি/ আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৬, ০৫:৩৭ পিএম
ওরেগন অঙ্গরাজ্যের বেন্ডে স্কুলে বন্দুক হামলার পর ঘটনাস্থলে কাজ করছেন জরুরি সেবাকর্মীরা
আমেরিকার ওরেগন অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ বছর বয়সী এক কিশোরের বন্দুক হামলায় তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারী কিশোরও প্রাণ হারিয়েছে। স্কুলের ভেতরে হামলাকারীকে থামাতে এক স্থানীয় বাসিন্দা পাল্টা গুলি চালালে তার মৃত্যু হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুরে ওরেগনের বেন্ড শহরের সিলভার রেইল এলিমেন্টারি স্কুলে এ ঘটনা ঘটে। নিহত তিন শিশুর বয়স ছিল ৫, ৮ ও ১১ বছর।গুলিতে আরও সাত বছর বয়সী এক শিশু ও ৫৪ বছর বয়সী এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, দুপুর ১টার কিছু আগে জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করে এক ব্যক্তি স্কুলের বাইরে তার গাড়ি লক্ষ্য করে এক বন্দুকধারীর গুলি চালানোর খবর দেন। এর কয়েক মিনিটের মধ্যেই স্কুল ভবন থেকেও একাধিক জরুরি ফোন আসতে থাকে।
তদন্তকারীদের তথ্য অনুযায়ী, হামলাকারী বন্ধ দরজার তালা লক্ষ্য করে গুলি চালিয়ে স্কুলের ভেতরে প্রবেশ করেছিল। এ সময় পরিস্থিতি দেখতে পেয়ে স্থানীয় এক বাসিন্দা হামলাকারীকে ধাওয়া করে স্কুলের ভেতরে যান এবং পাল্টা গুলি চালিয়ে তাকে প্রতিহত করেন। এতে হামলাকারী নিহত হয়। খবর পাওয়ার তিন মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
পরে স্কুলের ভেতর থেকে হামলাকারীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, হামলাকারী স্থানীয় ১৬ বছর বয়সী এক কিশোর। তবে তার নাম, হামলার উদ্দেশ্য এবং স্কুলটির সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
এ ঘটনায় নিহত ও আহতদের পরিচয়ও প্রকাশ করেনি কর্তৃপক্ষ। একই সঙ্গে হামলাকারীকে গুলি করা স্থানীয় বাসিন্দার পরিচয় গোপন রাখা হয়েছে।মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় স্কুল ডিস্ট্রিক্টের প্রশাসনিক প্রধান স্টিভেন কুক। তিনি বলেন, এমন একটি বিবেকহীন ট্র্যাজেডিতে পুরো কমিউনিটি গভীরভাবে মর্মাহত ও স্তব্ধ।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় সাড়ে চারশ শিক্ষার্থীর এই স্কুলে ২০২২ সালে বিশেষ নিরাপত্তাব্যবস্থা স্থাপন করা হয়েছিল। এর মাধ্যমে একটি সুইচ ব্যবহার করে শ্রেণিকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করা সম্ভব।
হামলার পর নিরাপত্তার স্বার্থে শুক্রবার বেন্ড শহরের সব বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে আমেরিকার বিভিন্ন স্কুলে বন্দুক হামলার ঘটনা নিয়ে আবারও উদ্বেগ তৈরি হয়েছে।
এম.হোসাইন
দৈনিক উত্তরদক্ষিণ