মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

মধ্যরাতে কলকাতায় বহুতল ভবনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ১২:৪২ পিএম

মধ্যরাতে কলকাতায় বহুতল ভবনে আগুন

কলকাতার ব্যস্ততম এলাকা বিবাদী বাগে মহাকরণের পেছনে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাঁচ তলার ওই অফিস ভবনে রবিবার (১ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে আগুন লাগে। আকস্মিক এই আগুনে ভবনটির একটি অফিসের সব নথিপত্র ও কম্পিউটার পুড়ে ছাই হয়ে গেছে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি। 

জানা গেছে, মহাকরণের ঠিক পিছনে লায়ন্স রেঞ্জ এলাকার ওই পাঁচতলা ভবনে অন্তত চার থেকে পাঁচটি সংস্থার অফিস রয়েছে। রবিবার রাত ‍দুইটার দিকে ভবনটি থেকে ধোঁয়া বের হতে দেখেন আশপাশের বাসিন্দারা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ভোরের দিকে তা ভয়াবহ রূপ নেয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থনে পৌঁছায় দমকল বাহিনী। আগুন নেভাতে দমকলের ১০টি ইঞ্জিন কাজ শুরু করে। সোমবার সকালে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও ভবনের ভেতরে আটকে থাকা ধোঁয়া সরাতে ও পকেট ফায়ারের অবস্থান বুঝতে স্মোক ডিটেক্টর ও গ্যাস মাস্ক ব্যবহার করেন দমকলকর্মীরা। সকাল আটটার পরও কিছু কিছু জায়গায় পকেট ফায়ার থাকায় তা নেভানোর কাজ চালানো হয়। বর্তমানে সেখানে কুলিং প্রসেস চলছে। 

দমকলকর্মীরা জানান, মূলত ভবনের চতুর্থ তলায় আগুন লেগেছিল। সেখানে থাকা একটি অফিসের নথিপত্র ও কম্পিউটার সম্পূর্ণ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের খবর ইতিমধ্যেই সংশ্লিষ্ট অফিস কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 

তবে কীভাবে এই আগুন লাগল, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। এটি শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা আগুন পুরোপুরি নিভে যাওয়ার পর তদন্ত করে নিশ্চিত করা যাবে বলে জানিয়েছে দমকল। পাশাপাশি, ওই বহুতল ভবনে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। 

ইউডি/রেজা

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!