প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ০৭:৫৬ পিএম
দুর্নীতিমুক্ত দেশ গঠন ও আধিপত্যবাদের বিরুদ্ধে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চ শুরু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে লং মার্চের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
গাজীপুরের ভোগরা বাইপাস রোডে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, আমাদের এই কর্মসূচি কোনো দলীয় দাবি আদায়ের আন্দোলন নয়। গণভোটের গণরায় নিশ্চিত করতেই আমরা রাজপথে নেমেছি।
তিনি বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করা এবং আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়াই লং মার্চের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে আন্দোলন সফল করতে তিনি জনগণের প্রতি আহ্বান জানান।
পথসভায় এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বলেন, আমরা সরকার বা দেশের বিরুদ্ধে নন। সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে আমরা সংস্কার চান।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, অধিকার আদায়ের দাবিতে উত্তরাঞ্চলের দিকে লং মার্চ করা হচ্ছে। গণদাবি নিয়ে ১১ দল রাজপথে নেমেছে উল্লেখ করে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের উদ্যোগের দাবিও জানান তিনি।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তিনি সরকারের বিভিন্ন ব্যর্থতা জনগণের সামনে তুলে ধরার কথা বলেন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান।
খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা আবুল কাশেম বলেন, দেশের মানুষের বিভিন্ন দাবি নিয়ে তারা রাজপথে নেমেছেন। গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বিএনপির সমালোচনা করে বলেন, দেশকে ফ্যাসিবাদমুক্ত করা এবং লুটপাট বন্ধের দাবিতে তাদের আন্দোলন চলছে।
শনিবার সকাল ৮টার দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের উদ্বোধনী সমাবেশ শেষে লং মার্চের বহর রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। তেজগাঁও, মহাখালী, বনানী, খিলক্ষেত, উত্তরা ও টঙ্গী এলাকায় স্থানীয়দের পক্ষ থেকে ফুল ও স্লোগানের মাধ্যমে লং মার্চে অংশ নেওয়া নেতাকর্মীদের অভিবাদন জানানো হয়।
পরে লং মার্চের বহর গাজীপুরের ভোগরা বাইপাস রোডে আয়োজিত পথসভায় অংশ নেয়। পথসভায় জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।


