মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ইন্ডিয়া

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০১:২০ পিএম

বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে  ইন্ডিয়া

এআই দিয়ে তৈরী প্রতীকী ছবি

বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের সাংবাদিকতা ও জনসংযোগ বিষয়ে পেশাগত দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে ভারত সরকার। ‘ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন’ (আইটেক) স্কিমের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণ আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত হবে।

হায়দরাবাদের ড. মারি চান্না রেড্ডি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে সাত দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এতে নির্বাচিত বাংলাদেশি সাংবাদিকদের প্রশিক্ষণ-সংক্রান্ত যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থনীতি, অর্থসংস্থান, বাণিজ্য ও জ্বালানি খাতে কাজ করা সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের বিষয়টি মাথায় রেখে প্রশিক্ষণ কোর্সটি পরিকল্পনা করা হয়েছে। প্রশিক্ষণে গণমাধ্যমের সঙ্গে কার্যকর সম্পর্ক তৈরি, কৌশলগত যোগাযোগ এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন সমসাময়িক বিষয়ে আলোচনা করা হবে।

শুধু শ্রেণিকক্ষভিত্তিক আলোচনা নয়, প্রশিক্ষণের অংশ হিসেবে অংশগ্রহণকারীদের জন্য হায়দরাবাদের হাইটেক সিটি পরিদর্শনের সুযোগও থাকবে। পাশাপাশি স্থানীয় স্টার্ট-আপ ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় এবং গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ রাখা হয়েছে।

প্রশিক্ষণ সফলভাবে শেষ করা সাংবাদিকদের সনদপত্র দেওয়া হবে।

ভারতীয় হাইকমিশন জানিয়েছে, নির্বাচিত সাংবাদিকদের ঢাকা থেকে হায়দরাবাদ যাওয়া-আসার বিমানভাড়া, প্রশিক্ষণ ফি, থাকা-খাওয়ার ব্যবস্থা এবং দৈনন্দিন জীবনযাপনের ভাতাসহ প্রয়োজনীয় সব ব্যয় ভারত সরকার বহন করবে।

তবে এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য নির্দিষ্ট যোগ্যতা রাখা হয়েছে। অর্থনীতি, অর্থসংস্থান, বাণিজ্য ও জ্বালানি-সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ থেকে ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকা সাংবাদিকরা আবেদন করতে পারবেন।

আগ্রহী সাংবাদিকদের নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। প্রাথমিকভাবে মনোনীত হওয়ার পর নির্বাচিত সাংবাদিকদের নিজ নিজ গণমাধ্যম প্রতিষ্ঠানের কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) জমা দিতে হবে।

প্রশিক্ষণটি সাংবাদিকদের সমসাময়িক গণমাধ্যমচর্চা, কৌশলগত যোগাযোগ এবং এআইভিত্তিক সাংবাদিকতার ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে পেশাগত অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করবে বলে আয়োজকদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

 এস/আর 

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!