প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৫:৫৬ পিএম
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নানা ধরনের ট্রল ও মন্তব্য দেখা যায়। তবে এসব বিষয়কে খুব একটা গুরুত্ব দেন না এই অভিনেতা। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নানা মন্তব্যের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি।
ওমর সানী বলেন, তাকে নিয়ে ট্রল করার মতো কোনো কাজ তিনি কখনো করেননি। তার ভাষায়, অনেক সময় তার কর্মকাণ্ডকে অন্যরাই নিজেদের মতো করে ট্রলের বিষয় বানিয়ে ফেলেন।
তিনি বলেন, ‘আসলে আমাকে নিয়ে ট্রল হওয়ার মতো কোনো কাজ আমি আমার জীবনেও করিনি। হয়তোবা আমার কর্মকাণ্ডকে ট্রলের মতো করে ওরা নিজেরাই তৈরি করে ফেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে কতগুলো ফালতু লোক আছে, যাদের অনেকে বট বাহিনীও বলে-যারা ট্রলের মতো করে। কিন্তু ট্রল হওয়ার মতো কোনো কাজ আমার নেই।’
নিজেকে প্রতিবাদী স্বভাবের মানুষ উল্লেখ করে ওমর সানী বলেন, তিনি সরাসরি কথা বলতে পছন্দ করেন। আর তার এই স্পষ্টভাবে কথা বলার বিষয়টি অনেকের কাছে ভালো লাগে না বলেও মন্তব্য করেন তিনি।

তার কথায়, ‘আমার একটাই জিনিস হচ্ছে, আমি একটু প্রতিবাদী। আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। এই সরাসরি কথা বলাটা অনেকের ভালো লাগে না। যাদের আঁতে ঘা লাগে, তারা এসব ছড়ায়। এসবে তাই পাত্তা দিই না। যারা এসব করে, তারা ফালতু লোক।’
নিজের ব্যবহৃত একটি ঘড়ি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মন্তব্যের কথা জানান এই অভিনেতা। তিনি বলেন, অনেকে তার হাতে থাকা ঘড়িটির দাম প্রায় ২৯ লাখ টাকা বলে দাবি করেছেন।
ওমর সানী বলেন, ‘অনেকেই বাংলাদেশে বলছে, “ভাই, আমার ঘড়িটা দেখছেন? এই ঘড়িটা কিন্তু প্রায় ২৯ লাখ টাকার।” আমি সোশ্যাল মিডিয়ায় এমনটা দেখেছি। আমার হাতেও একটা ঘড়ি আছে। হয়তো আমি ওমর সানীকে এই ঘড়ি পরতে দেখে অনেকের কাছে খুব দামি মনে হচ্ছে। আসলে এটার দাম অত না, এটা মাত্র ১১০০ টাকা।’
নিজের জীবনযাপন নিয়েও কথা বলেন তিনি। তার দাবি, কোনো কিছু নিয়ে তিনি কখনো অযথা বাহাদুরি দেখাননি। এমনকি মার্সিডিজ গাড়ি থাকার বিষয়টিও তিনি প্রদর্শন করেন না বলে জানান।
তিনি বলেন, ‘আমি এটা প্রাউডলি বলতে পারি, কোনো দিন কোনো কিছুতে আলগা বাহাদুরি করিনি। আমার মার্সিডিজ থাকার পরও আমি ফুটানি করি না। এটা নিয়ে বড় করে কথা বলার কিছু নেই।’
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া কোনো পোস্ট বা মন্তব্যের কারণে কখনো পোস্ট মুছে ফেলেছেন কি না—এমন প্রশ্নের জবাবে ওমর সানী বলেন, সাধারণত তিনি পোস্ট ডিলিট করেন না। তবে একবার বা দুবার এমনটি হয়ে থাকতে পারে বলে জানান তিনি।

তার ভাষায়, ‘না, এ রকম কখনো মনে হয়নি। কারণ, আমি পোস্ট কখনো ডিলিট করার মতো করিনি। একবার হয়তোবা করেছিলাম কিংবা দুবার করেছিলাম। কিন্তু আমি কাউকে ছোট করে কখনো পোস্ট করিনি। কেউ এমনটা দেখাতেও পারবে না।’
সাক্ষাৎকারের শেষদিকে শিল্পীদের তুলনায় যারা শিল্পী নন, তাদেরই বেশি কথা বলা নিয়ে মন্তব্য করেন এই অভিনেতা। তিনি বলেন, ‘যারা যারা শিল্পী, তারা তো কমই কথা বলে। আর যারা কোনো শিল্পীই নয়, ওরাই বেশি কথা বলে।’
এদিকে ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও চিত্রনায়িকা মৌসুমী। ১৯৯৫ সালের ২ আগস্ট তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির দুই সন্তান—ফারদিন ও ফাইজা।
১৯৯৪ সালের ২ ডিসেম্বর মুক্তি পাওয়া দীলিপ সোম পরিচালিত ‘দোলা’ সিনেমার মাধ্যমে ওমর সানী ও মৌসুমী জুটি হিসেবে পর্দায় আসেন। এরপর ‘আত্ম অহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘গরিবের রানি’, ‘প্রিয় তুমি’, ‘সুখের স্বর্গ’, ‘মিথ্যা অহংকার’, ‘ঘাত প্রতিঘাত’, ‘লজ্জা’সহ আরও বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা।
এস/আর


