প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১১:১৩ এএম
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসানের বয়স এখন ৪০। জীবনে একাধিক সম্পর্কে জড়ালেও এখনো বিয়ের বন্ধনে আবদ্ধ হননি তিনি। পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত বিষয় নিয়েও বরাবরই খোলামেলা কথা বলতে দেখা যায় এই অভিনেত্রীকে।
সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে অতিথি হয়ে নিজের ব্যক্তিজীবনসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন শ্রুতি। সেখানে আলোচনায় আসে বিয়ের প্রসঙ্গও।
শ্রুতির ভাষ্য, তার কাছে বিয়ে কেবল কাগজে-কলমে তৈরি হওয়া কোনো সম্পর্ক নয়। বরং এটি দুজন মানুষের মধ্যে গভীর আত্মিক বন্ধন। তাই বিয়েকে ঘিরে জাঁকজমকপূর্ণ আয়োজন কিংবা আনুষ্ঠানিক কাগজপত্রের চেয়ে দুজনের মধ্যে ভালোবাসা, পারস্পরিক সম্মান ও বোঝাপড়াই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

অভিনেত্রী বলেন, তার কাছে সবচেয়ে সুন্দর বিষয় হলো-একজন মানুষ ও তার সঙ্গী যেন প্রতিদিন নিজেদের ইচ্ছায় একে অপরকে বেছে নেন। এই সম্পর্ক কোনো কাগজপত্রের ওপর নির্ভরশীল নয়; বরং ভালোবাসা থেকেই এর ভিত্তি তৈরি হয়।
এর আগে একাধিক সম্পর্কে ছিলেন শ্রুতি। এমনকি অতীতে বিয়ের কথাও ভেবেছিলেন তিনি। কিন্তু বিয়ের আগেই সেই সম্পর্ক ভেঙে যায়। তবে ওই অভিজ্ঞতার কারণে বিয়ে সম্পর্কে তার মধ্যে কোনো ভয় তৈরি হয়নি বলেও জানান অভিনেত্রী।
বিয়ের আয়োজন নিয়েও নিজের মতামত স্পষ্ট করেছেন শ্রুতি। তার মতে, বিয়ে হলে সেটি হওয়া উচিত খুব সাধারণভাবে। বিশেষ করে অপ্রয়োজনীয়ভাবে বিপুল অর্থ খরচ করার পরিবর্তে সেই অর্থ অসহায় মানুষের কল্যাণে ব্যয় করা যেতে পারে বলে মনে করেন তিনি।

শ্রুতি বলেন, বড় অঙ্কের অর্থ ব্যয় করে বিয়ের আয়োজন করা নিয়ে কাউকে ছোট করা তার উদ্দেশ্য নয়। তবে এ ধরনের ব্যয় তাকে সবসময় ভাবায়। তার মতে, বিয়েতে অযথা অর্থ ব্যয় না করে সেই টাকা দাতব্য কাজে বা অসহায় মানুষের সহায়তায় দেওয়া হলে তা আরও অর্থবহ হতে পারে।
মাতৃত্ব নিয়েও নিজের ইচ্ছার কথা জানিয়েছেন শ্রুতি। তিনি জানান, মা হওয়ার বিষয়টি তার কাছে ভালো লাগে। তবে পরিবার কিংবা সমাজের প্রত্যাশা পূরণের জন্য নয়, নিজের ইচ্ছা ও সিদ্ধান্ত অনুযায়ীই ভবিষ্যতে মাতৃত্বের স্বাদ নিতে চান তিনি।
এদিকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন শ্রুতি হাসান। বর্তমানে তার হাতে রয়েছে একটি তামিল ও একটি তেলুগু সিনেমা। তামিল ভাষার ‘ট্রেন’ সিনেমাটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে এবং বর্তমানে চলছে প্রি-প্রডাকশনের কাজ। অন্যদিকে তেলুগু সিনেমা ‘আকাশামলো ওকা তারা’র শুটিং এখনো চলমান রয়েছে।
এস/আর


