প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬, ০৮:২৬ এএম
ডার ক্লাসিকেরে বায়ার্ন মিউনিখের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে শেষ মুহূর্তে গোল করে বরুসিয়া ডর্টমুন্ডকে এক পয়েন্ট এনে দিলেন ফাবিও সিলভা।
ম্যাচের শুরু থেকেই আলোচনায় ছিলেন বায়ার্নের ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। গত সোমবার (২৬ অক্টোবর) ২৫ বছরের মধ্যে প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জয়ের কৃতিত্ব অর্জন করা কেইন এদিন বায়ার্নের আক্রমণভাগের নেতৃত্ব দেন। তবে পেনাল্টি মিস করায় গোলের দেখা পাননি তিনি।
ইংলিশ ফুটবলার জুড বেলিংহ্যামের ভাই ডর্টমুন্ডের মিডফিল্ডার জোবে বেলিংহ্যাম বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেওয়ার আভাস দিয়েছিলেন। কিন্তু বায়ার্ন গোলরক্ষক ইয়োনাস উরবিগকে কার্নি চুকুয়েমেকা ফাউল করায় বাতিল হয়ে যায় গোলটি।
এর কয়েক মিনিট পরই এগিয়ে যায় বায়ার্ন। মাঠের অনেকটা জায়গা পেরিয়ে আক্রমণে উঠে কোনর লাইমারের প্রথম শটটি গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন কেইন। কিন্তু তার নেওয়া শট ক্রসবারে লেগে ফিরে আসে।
এরপর ম্যাচে ফেরার সুযোগ কাজে লাগায় ডর্টমুন্ড। উরবিগকে পরাস্ত করে নিচু শটে গোল করে সমতা ফেরান সেরহু গিরাসি।
তবে ছয় মিনিট পরই আবার এগিয়ে যায় বায়ার্ন। কেইনের হেডে বল গোলমুখের সামনে চলে এলে কাছ থেকে হেড করে গোল করেন দায়ো উপামেকানো।
এরপর নাথানিয়েল ব্রাউনের পাসে গোলের সুযোগ পেয়েছিলেন কেইন। তার শট আবারও ক্রসবারে লাগে। যদিও অফসাইডের কারণে আগেই বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
ম্যাচের ৮৯তম মিনিটে উরবিগকে পরাস্ত করে জোরালো শটে গোল করেন ফাবিও সিলভা। তাতে সমতায় ফেরে ডর্টমুন্ড। যোগ করা সময়ের শেষ মিনিটে বায়ার্নের লেনার্ট কার্লের শটও ক্রসবারে লাগে। ফলে শেষ পর্যন্ত জয় পাওয়া হয়নি স্বাগতিকদের।
হাসপাতাল থেকে ছাড়া পেলেও বায়ার্নের কোচ ভিনসেন্ট কোম্পানি এ সপ্তাহে দলের দায়িত্বে ফিরতে পারেননি। তার অনুপস্থিতিতে আবারও সহকারী কোচ অ্যারন ডাঙ্কসের অধীনে খেলেছে দলটি।
এই ড্রয়ের পরও গোল ব্যবধানে এগিয়ে থেকে বুন্দেসলিগার শীর্ষস্থান ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ। সমানতালে লড়াই চালিয়ে যাওয়া ডর্টমুন্ড রয়েছে দ্বিতীয় স্থানে।
ইউডি/কেএস


