মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

অবসর ভেঙে পেশাদার ফুটবলে ফিরছেন ব্রাজিল তারকা রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৬, ১২:৪২ পিএম

অবসর ভেঙে পেশাদার ফুটবলে ফিরছেন ব্রাজিল তারকা রোনালদিনহো

ফুটবলের জাদুকর আবার মাঠে ফিরছেন। ৪৬ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো দীর্ঘ ১১ বছর পর পেশাদার ফুটবলে ফিরে আসছেন। আগামী ১৫ নভেম্বর ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নার হয়ে তাঁর অভিষেক হতে যাচ্ছে। প্রতিপক্ষ ফরলি। ডার্বি ম্যাচ দিয়েই শুরু হবে নতুন অধ্যায়।

গত জুনে রাভেন্নায় যোগ দেওয়ার ঘোষণায় চমক জাগিয়েছিলেন তিনি। কিন্তু এতদিন মাঠে নামার সুযোগ মেলেনি। শুক্রবার ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, এবার সত্যিই ফিরছেন রোনালদিনহো। স্টেডিয়াম ব্রুনো বেনেল্লিতে তাঁর উপস্থিতি পুরো বিশ্বের নজর টানবে বলে আশা ক্লাব কর্তৃপক্ষের।

রোনালদিনহো সর্বশেষ পেশাদার খেলেছেন ২০১৫ সালে। ব্রাজিলের ফ্লুমিনেন্সের হয়েই তাঁর শেষ ম্যাচ। এরপর দীর্ঘ বিরতি। এবার ইতালির এই ক্লাবের জার্সি গায়ে মাঠে নামার খবর ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

রাভেন্নার বিবৃতিতে বলা হয়েছে, ‘পুরো ফুটবল বিশ্ব ভেবেছিল এমনটা সম্ভব নয়। কিন্তু এখন আমরা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করছি এক জমকালো প্রত্যাবর্তনের কথা। ফিরছে সেই জাদু, সেই হাসি আর সেই প্রতিভা, যিনি প্রজন্মের পর প্রজন্মের সমর্থকদের মুগ্ধ করেছেন। যে দলেরই হোন না কেন, রোনালদিনহোর প্রতি ভালোবাসা এখনো অটুট।’

ক্লাবের মালিকানা ও পরিচালনায় রয়েছেন বিখ্যাত রেস্তোরাঁ ব্র্যান্ড সিপ্রিয়ানির কর্ণধার ইগ্নাজিও সিপ্রিয়ানি। তিনি স্বপ্ন দেখেন, রোনালদিনহোকে দিয়ে ক্যারিয়ারের শেষ গোলটি করাতে। গত আগস্টে সমুদ্রসৈকতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সমর্থকদের সামনে পরিচয় করিয়ে দেওয়া হয় এই তারকাকে। মায়ামিতে যোগদানের ঘোষণা থেকে শুরু করে মারিনা দি রাভেন্নার সৈকতে উষ্ণ অভ্যর্থনা; সবকিছুই আগ্রহ বাড়িয়েছে।

ইতালিতে এটি রোনালদিনহোর দ্বিতীয় অধ্যায়। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি এসি মিলানের হয়ে খেলেছেন। এর আগে প্যারিস সেন্ট জার্মেই ও বার্সেলোনার মতো ক্লাবেও জাদু দেখিয়েছেন। ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয় এবং ২০০৫ সালে ব্যালন ডি’অর জয় তাঁর ক্যারিয়ারের উজ্জ্বলতম অধ্যায়।

রাভেন্না বলছে, প্রেসিডেন্ট সিপ্রিয়ানির যে স্বপ্ন সবাইকে চমকে দিয়েছিল, এবার তার নির্দিষ্ট তারিখ পেয়েছে। রোনালদিনহো বেনেল্লিতে খেলবেন। নতুন এক গল্পের শুরু হতে যাচ্ছে।

ইউডি/কেএস

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!