মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৬, ১১:৪০ পিএম

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি?

আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে লিওনেল স্কালোনির চুক্তি নবায়নের আলোচনা অনেকটাই এগিয়েছে। নতুন চুক্তির মেয়াদ প্রাথমিকভাবে দুই বছর হতে পারে। পাশাপাশি থাকছে আরও দুই বছর চুক্তি বাড়ানোর সুযোগ। সবকিছু পরিকল্পনামতো এগোলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে দেখা যেতে পারে বিশ্বকাপজয়ী এই কোচকে।

আর্জেন্টিনার ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, দুই পক্ষের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। আগামী নভেম্বরে ফিফা আন্তর্জাতিক বিরতির সময় চুক্তি নবায়নের বিষয়ে সমঝোতা চূড়ান্ত হওয়ার আশাবাদ রয়েছে। ওই বিরতিতে উরুগুয়ের বিপক্ষে বুয়েনস এইরেসের লা বোম্বোনেরায় এবং কোর্দোবায় কোস্টারিকার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

প্রতিবেদন অনুযায়ী, নতুন চুক্তিতে প্রাথমিকভাবে দুই বছরের মেয়াদ রাখা হতে পারে। ২০২৮ সালের কোপা আমেরিকার পর চুক্তি আরও দুই বছর বাড়ানোর সুযোগ থাকবে। সেই শর্ত কার্যকর হলে ২০৩০ বিশ্বকাপের শেষ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে থাকতে পারবেন স্কালোনি।

২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের পাশাপাশি স্কালোনির অধীনে ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ সালের ফিনালিসিমার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপেও রানার্সআপ হয়েছে দলটি। সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রাখতে একই কোচিং স্টাফকে রাখার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যমটি।

তবে সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েলের থাকা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তাকে দায়িত্ব চালিয়ে যাওয়ার জন্য রাজি করানোর চেষ্টা চলছে। স্যামুয়েলকে বন্ধু ও গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে উল্লেখ করে স্কালোনি বলেছেন, তার সিদ্ধান্তকে সম্মান জানানো হবে। তবে তিনি চলে গেলে সেটি দলের জন্য বড় ক্ষতি হবে বলেও মন্তব্য করেছেন আর্জেন্টাইন কোচ।

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের পর হোর্হে সাম্পাওলির বিদায়ের প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন স্কালোনি। নতুন চুক্তি হলে ২০২৮ সালের কোপা আমেরিকার পর আর্জেন্টিনার কোচ হিসেবে তার মেয়াদ এক দশকে পৌঁছাবে। তবে চুক্তি নবায়ন এখনও চূড়ান্ত হয়নি।

ইউডি/কেএস
 

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!