মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

ফাইনালে লড়াই করে হারল বাংলাদেশ

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৬, ০৭:৩৫ পিএম

ফাইনালে লড়াই করে হারল বাংলাদেশ

বেগম খালেদা জিয়া আইএইচএফ হ্যান্ডবল টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ-ইন্ডিয়া লড়েছে সমানে সমান। তবে ফলাফলটা পক্ষে আসেনি বাংলাদেশের। বৃহস্পতিবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে ফাইনালে বাংলাদেশকে ২৮-১৬ গোলে হারিয়েছে ইন্ডিয়া। চার জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টে অপরাজিত থেকেই শিরোপা জিতে নিল ভারত।

ফাইনালের আগে একমাত্র ইন্ডিয়ার কাছেই হেরেছিল বাংলাদেশ। ঐ ম্যাচে হারটা ছিল বড় ব্যবধানেই। নেপাল এবং মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশ ফাইনালে উঠেছিল। আজ ফাইনালে প্রথমার্ধে ইন্ডিয়া এগিয়ে ছিল ১৪-৯ গোলে। পরের অর্ধেই দৃশ্যপট দ্রুত বদলে যেতে থাকে। ইন্ডিয়া ব্যবধান বাড়িয়ে নেয়। শেষ দিকে ম্যাচে ফেরার আকুল ব্যর্থ হয়। এছাড়া ম্যাচে একাধিক সুযোগ তৈরি করেও গোল পায়নি সাকিবা-নিশিরা।

বাংলাদেশের একের পর এক প্রচেষ্টা ব্যর্থ করে দেন ইন্ডিয়ার গোলকিপার দিকশা কুমারী। অবিশ্বাস্য পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন তিনি। আর টুর্নামেন্ট সেরার খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইন্ডিয়ার ভাওয়ানা শর্মা। এর আগে বুধবার মালদ্বীপকে হারিয়ে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ব্রোঞ্জ পদক জিতেছে নেপাল।

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে ইন্ডিয়ার বিপক্ষে হেরে গেলেও দলের সামগ্রিক অগ্রগতি নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের কোচ আনা আলোনসো ফ্রাগুয়া। দক্ষিণ এশিয়ার যেকোনো দেশের বিপক্ষে লড়াই করার মতো সামর্থ্য গড়ে তোলার সঠিক পথেই দল রয়েছে বলে মনে করেন তিনি। তবে আন্তর্জাতিক পর্যায়ে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে খেলোয়াড়দের শারীরিক ফিটনেস, রক্ষণভাগের উন্নয়ন এবং সারা বছর কঠোর অনুশীলনের ওপর জোর দিয়েছেন এই স্প্যানিশ কোচ।

ম্যাচ শেষে টুর্নামেন্টে দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে আলোনসো বলেন, ‘টুর্নামেন্ট নিয়ে আমি খুবই আনন্দিত। আমাদের কাজ চালিয়ে যেতে হবে। তবে দক্ষিণ এশিয়ার যেকোনো দেশের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার সঠিক পথেই আমরা এগোচ্ছি।’

দলের ভবিষ্যৎ উন্নতির জায়গাগুলো চিহ্নিত করতে গিয়ে ফিটনেস ও রক্ষণভাগকে অগ্রাধিকার দিচ্ছেন আলোনসো, ‘প্রথমত, আমাদের শুধু হ্যান্ডবল খেলোয়াড় হলেই চলবে না, সামগ্রিকভাবে অ্যাথলেট হতে হবে। হ্যান্ডবল খেলার জন্য যতটুকু ফিট থাকা দরকার, ততটুকু ফিটনেস থাকতে হবে। এরপর দ্বিতীয় দিকটি হলো রক্ষণভাগ। ব্যক্তিগত টেকনিক ও ট্যাকটিকসের দিক থেকে রক্ষণে আমাদের অনেক উন্নতি করতে হবে। তাই মূল মনোযোগটা থাকবে শক্তি (স্ট্রেন্থ) এবং রক্ষণভাগের ওপর।’

ইউডি/রেজা

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!