মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

মালদ্বীপকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৬, ০৮:২৯ পিএম

মালদ্বীপকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

নারী হ্যান্ডবল টুর্নামেন্টে (এশিয়া জোন-২) টানা দুই জয়ে ইন্ডিয়ার ফাইনাল নিশ্চিত হয়েছিল এক ম্যাচ আগেই। আগামী বৃহস্পতিবার ইন্ডিয়ার প্রতিপক্ষ কে হবে সেই অপেক্ষা ছিল আজ (মঙ্গলবার)। মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে ফাইনাল খেলবে। 

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে আজ পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে মালদ্বীপকে ৩৩-২০ গোলে হারিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধেই ১৬-৫ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। বিরতির পর বাংলাদেশ ১৭ গোল করে। বিপরীতে মালদ্বীপ ১৫ গোল দেয়। প্রথমার্ধের ১১ গোলের লীডই বাংলাদেশকে জয় এনে দেয়।

বাংলাদেশের সানজিদা আক্তার ৮ গোল করে ম্যাচসেরা হয়েছেন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন,‌ ‘ইন্ডিয়া ম্যাচের ভুলগুলো শুধরে এই ম্যাচে ভালো খেলার চেষ্টা করেছি। ফাইনালে সবাই সবার সেরাটা দেওয়ার চেষ্টা করবে।’

নেপালকে ৩৩-২০ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচে শক্তিশালী ইন্ডিয়ার কাছে ৪৭-১৩ গোলে হেরে যায় স্বাগতিক মেয়েরা। ফলে ফাইনালে উঠতে রাউন্ড রবিন লিগ পর্বের শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না আনা আলোনসো ফ্রাগুয়ার দলের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্বাগতিকরা।

ব্রোঞ্জ পদকের ম্যাচে আগামীকাল (বুধবার) নেপাল ও মালদ্বীপ মুখোমুখি হবে। বৃহস্পতিবার পরিবর্তিত সূচি অনুযায়ী বেলা ৩টায় ফাইনালে ভারতের সঙ্গে লড়বে বাংলাদেশ।

ইউডি/রেজা

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!