মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

নিউইয়র্কে একাধিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৬, ০১:১৯ পিএম

নিউইয়র্কে একাধিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের সফরে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

নিউইয়র্ক স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও অগ্রাধিকারকে গুরুত্ব দেওয়া হবে। তাঁর ভাষ্য অনুযায়ী, এবারের সফরে আনুষ্ঠানিকতার পাশাপাশি বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং কূটনৈতিক যোগাযোগকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ সেপ্টেম্বর শুরু হয়েছে। জাতিসংঘের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, আইনের শাসন, জবাবদিহি, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার মতো বিষয় গুরুত্ব পেতে পারে বলে এর আগে জানিয়েছিলেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

এ ছাড়া রোহিঙ্গা সংকট, তরুণ ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, আধুনিক প্রযুক্তির ন্যায়সংগত ব্যবহার এবং বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কার নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে।

সোমবার নিউইয়র্ক স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সভাপতির দায়িত্বে রয়েছেন বাংলাদেশের খলিলুর রহমান। 

    এস/আর 

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!