প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৬, ০৭:৫৪ পিএম
বেতন-ভাতার বাইরে অনৈতিকভাবে অতিরিক্ত সুবিধা গ্রহণের অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্যকে একযোগে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া সদস্যদের মধ্যে বাবুর্চি থেকে শুরু করে উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, খুলনা রেঞ্জের বিভিন্ন জেলা ও ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে অনিয়ম এবং অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তালিকায় খুলনা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার বিভিন্ন থানা ও ইউনিটে কর্মরত সদস্যদের নাম রয়েছে। থানা পুলিশের পাশাপাশি ট্রাফিক ও গোয়েন্দা শাখার সদস্যরাও এ তালিকায় অন্তর্ভুক্ত।
খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম জানান, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রথমে পুলিশ বাহিনীর অভ্যন্তরে শুদ্ধি অভিযান চালানো হচ্ছে।
তিনি বলেন, পুলিশের সদস্যদের অনৈতিক সুবিধা গ্রহণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা তৈরির পথে বাধা সৃষ্টি করে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে আইজিপির। সেই নির্দেশনার ধারাবাহিকতায় খুলনা বিভাগে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এম. হোসেন


