প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৭:১১ পিএম
বিভিন্ন ধরনের টিকার বর্তমান মজুত পরিস্থিতি পর্যালোচনা, ডেঙ্গু প্রতিরোধ, পরিবার পরিকল্পনা ও গর্ভবতী মায়েদের সেবা নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ, স্কুল স্বাস্থ্য শিক্ষা ও স্যাটেলাইট ক্লিনিক কার্যক্রম জোরদারের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি এস. এম. রফিকুল ইসলামের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। সেখানে এই সুপারিশ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম. এ. মুহিত, মো. আব্দুস সালাম, আবু মনসুর সাখাওয়াত হাসান, ইকরামুল বারী টিপু, মো. আনোয়ারুল হক, শামীম আরা বেগম স্বপ্না, মো. আব্দুল বারী সরদার এবং মাহমুদা আলম মিতু অংশগ্রহণ করেন।
আলোচ্যসূচি অনুযায়ী বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্যরা এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিচিতি পর্বে অংশগ্রহণ করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থাগুলোর জনবল, দপ্তর সংস্থাগুলোর পরিচিতি, কার্যাবলি, মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অর্জন এবং মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়।
প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সেবার পরিধি বৃদ্ধি, জেলা সদর হাসপাতালে আইসিইউ, ডায়ালাইসিস সেন্টার, ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র স্থাপনের কার্যক্রম অব্যাহত আছে মর্মে বৈঠকে অবহিত করা হয়।
বৈঠকে আলোচনাকালে জনস্বাস্থ্য সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ, পুষ্টি গবেষণা, হাসপাতাল ও ঔষধালয়ের ব্যবস্থাপনা, শিশুদের সুচিকিৎসার জন্য 'শিশু স্বর্গ' নামক স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনের পাশাপাশি চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা, সৌরবিদ্যুৎ ব্যবহার, প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে সশস্ত্র আনসার মোতায়েন এবং হেলথ কার্ড প্রদানের কার্যক্রম অব্যাহত আছে মর্মে অবহিত করা হয়।
বৈঠকে বিভিন্ন প্রকার টিকার স্টক এর বর্তমান অবস্থা, ডেঙ্গু প্রতিরোধ, পরিবার পরিকল্পনা, গর্ভবতী মায়েদের সেবা, বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়, স্কুল স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম, স্যাটেলাইট ক্লিনিক জোরদারকরণ সর্বোপরি চিকিৎসা ব্যবস্থার মান উন্নয়নের প্রতি অধিক সচেতন থাকার জন্য কমিটি সুপারিশ করে। এছাড়া দুর্নীতিমুক্ত ও ফ্যাসিস্টদের কার্যক্রমের প্রতি সজাগ থাকা এবং হাসপাতালের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের কার্যক্রম গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
বৈঠকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থাগুলোর প্রধানরাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউডি/রেজ


