প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৬, ০৭:০৭ পিএম
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৫৫ জন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এসব রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৩৩৩ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ২৮১ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৪ জন, বরিশালে ২১৭ জন, খুলনায় ২৭১ জন, রাজশাহীতে ১৪৬ জন, সিলেটে ৯ জন, রংপুরে ৪১ জন এবং ময়মনসিংহে ৪৩ জন রয়েছেন।
নতুন ৬ জনের মৃত্যুতে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯০ জনে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৬২৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৯ হাজার ৮৩ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ৭৩৭ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের মধ্যে সেপ্টেম্বর মাসেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। ২১ সেপ্টেম্বর পর্যন্ত এই মাসে ২৭ হাজার ৭৮১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
এ বছরের মোট আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা ৬২ শতাংশ এবং নারীর সংখ্যা ৩৮ শতাংশ। অন্যদিকে মৃতদের মধ্যে পুরুষ ৫২ দশমিক ৬ শতাংশ এবং নারী ৪৭ দশমিক ৪ শতাংশ।
এর আগে রবিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায়ও ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু হয়েছিল। ওই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৯৩ জন।
গত কয়েক বছরের পরিসংখ্যানেও ডেঙ্গুর বড় ধরনের প্রাদুর্ভাবের চিত্র পাওয়া যায়। ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং ওই বছর মারা যান ১ হাজার ৭০৫ জন।
ইউডি/রেজা


