প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৬, ০৮:২২ এএম
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রোফাইল আকর্ষণীয় করে তুলতে অনেকেই প্রোফাইল ছবি ও কভার ছবি ব্যবহার করেন। ফেসবুকে এ সুবিধা থাকলেও হোয়াটসঅ্যাপের সাধারণ অ্যাকাউন্টে আলাদা কভার ছবি যোগ করার প্রচলিত সুবিধা নেই। তবে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপে ব্যবসায়িক প্রোফাইলে কভার ছবি যুক্ত করা যায়।
হোয়াটসঅ্যাপে সাধারণত প্রোফাইল ছবি, নাম ও ‘অ্যাবাউট’ অংশে নিজের পছন্দের তথ্য যুক্ত করা যায়। পাশাপাশি স্ট্যাটাসে ছবি ও ভিডিও শেয়ার করার সুবিধাও রয়েছে। তবে প্রোফাইলের পেছনে স্থায়ীভাবে কভার ছবি বসানোর সুবিধা সাধারণ অ্যাকাউন্টে নেই।
প্রথমে স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ চালু করুন। অ্যান্ড্রয়েড ফোনে ওপরের ডান দিকে থাকা তিনটি ডট থেকে ‘বিজনেস টুলস’ বা ‘টুলস’ অপশনে যান। আইফোনে নিচের দিকে থাকা ‘টুলস’ ট্যাব খুঁজে নিন।
এরপর ‘বিজনেস প্রোফাইল’ বা ‘প্রোফাইল’ অপশনে প্রবেশ করুন। সেখানে ব্যবসার নাম, ঠিকানা, বিবরণ ও প্রোফাইল ছবির মতো তথ্য সম্পাদনা করা যায়। কভার ছবির পাশে থাকা ক্যামেরা আইকন বা সম্পাদনার অপশনে ট্যাপ করুন।
নতুন ছবি তুলতে ‘টেক ফটো’ এবং ফোনের গ্যালারি থেকে ছবি নিতে ‘চুজ ফটো’ বা ‘আপলোড ফটো’ নির্বাচন করুন। এরপর পছন্দের ছবি বেছে নিয়ে প্রয়োজন অনুযায়ী ক্রপ বা ঠিক করে নিন। ছবির গুরুত্বপূর্ণ অংশ যেন বাদ না পড়ে, সেদিকে খেয়াল রাখুন। সব ঠিক থাকলে ‘চুজ’ বা ‘ইউজ ফটো’ অপশনে ট্যাপ করে ছবিটি সংরক্ষণ করুন।
হোয়াটসঅ্যাপে কভার ছবি যুক্ত করার কথা বলে বিভিন্ন তৃতীয় পক্ষের অ্যাপ বা অনলাইন টুল নানা দাবি করতে পারে। এসব ব্যবহারের আগে সতর্ক থাকা জরুরি। অপরিচিত অ্যাপকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, যোগাযোগের তালিকা বা ব্যক্তিগত তথ্যে প্রবেশের অনুমতি দেওয়া থেকে বিরত থাকুন। অননুমোদিত অ্যাপ ব্যবহারে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও অ্যাকাউন্টের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।
তাই কভার ছবি যোগ করার আগে হোয়াটসঅ্যাপের হালনাগাদ সংস্করণে নিজের অ্যাকাউন্টের ধরন অনুযায়ী কী কী সুবিধা রয়েছে, তা দেখে নিন। সাধারণ অ্যাকাউন্টে কভার ছবির অপশন না থাকলে প্রোফাইল ছবি, নাম ও ‘অ্যাবাউট’ অংশ নিজের পছন্দমতো সাজিয়ে নিতে পারেন।
ইউডি/কেএস


