প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৬, ০৮:১৩ পিএম
আগামীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে সরকার গঠিত হবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, আগামীর সরকার নাহিদ ইসলামের নেতৃত্বেই গঠিত হবে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর শাহবাগে চার দফা দাবিতে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার তরুণদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। বিএনপি এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও গত আট মাসে বিপুলসংখ্যক তরুণের কর্মসংস্থানের সুযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তা করতে ব্যর্থ হলে এনসিপি ক্ষমতায় গিয়ে তরুণদের দায়িত্ব নিতে প্রস্তুত।
তিনি আরও বলেন, সরকার তাদের প্রতি অন্যায় করেছে। যারা তরুণদের স্বপ্ন ভেঙেছে, তাদের জবাব দেওয়ার সময় এসেছে। এনসিপি ক্ষমতায় গেলে ঢাকাকে নতুনভাবে গড়ে তোলা হবে। তবে বিএনপি সরকারের পক্ষে সিন্ডিকেট, চাঁদাবাজি ও সন্ত্রাসের প্রভাব দূর করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে দলটি সরে আসবে না জানিয়ে নাসীরুদ্দীন বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত সংস্কারের অঙ্গীকার বাস্তবায়নে তারা আরও জোরালোভাবে কাজ করবেন।
আগামী স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। এ সময় মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান পদে আগ্রহীদের দলে যোগ দেওয়ার আহ্বান জানান। সমাবেশে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সারোয়ার তুষারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ, সংবিধান সংস্কার পরিষদ গঠন, মানবাধিকার ও cআইন বাতিল এবং জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করে রায় কার্যকর করা।
এম. হোসেন


