UttorDokkhin
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২০, ০৩:৩৭ পিএম
উত্তরদক্ষিণ ১১ এপ্রিল ২০২০ । ১৫:১৫
ত্রাণ বিতরণের নামে কোনও ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সতর্ক করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘সরকারি ত্রাণ যথাযথভাবে বিতরণ করতে হবে। স্বল্প আয়ের মানুষদের কাছে পৌঁছাতে হবে। কেউ ত্রাণ আত্মসাৎ করলে বা এতে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ শনিবার (১১ এপ্রিল) তার সরকারি বাসভবন থেকে অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
করোনা নামের অদৃশ্য 'শত্রুকে পরাজিত করতে' সব মতপার্থক্য ভুলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনকে ধৈর্য এবং সাহসিকতার সঙ্গে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বানও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এছাড়া সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘যারা ঘরে অবস্থান এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে পারবেন না, তারা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছেন। করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা খুব জরুরি।’
পদ্মাসেতুর কাজের অগ্রগতি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘এই সংকটের সময়েও সুখবর হচ্ছে- দেশের বৃহত্তর প্রকল্প পদ্মাসেতুর ২৮তম স্প্যান আজ (১১ এপ্রিল) বসানো হয়েছে। ফলে ৬ দশমিক এক পাঁচ কিলোমিটার দীর্ঘ এই সেতু এখন ৪ দশমিক দুই কিলোমিটার দৃশ্যমান হলো।’