মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

হ্যালোইন উৎসবে কুমড়ার রাজ্যে স্পর্শিয়া

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ০৩:৪৫ পিএম

হ্যালোইন উৎসবে কুমড়ার রাজ্যে স্পর্শিয়া

ভূত, প্রেতাত্মা কিংবা ভয়ংকর সব সাজসজ্জা; সব মিলিয়েয যেন এক অন্য রকম উৎসব হ্যালোইন। প্রতিবছর ৩১ অক্টোবর বিশ্বের বিভিন্ন দেশে উদ্‌যাপিত হয় উৎসবটি। এদিন নানা ধরনের পোশাক পরে সাজা, মজার সব আয়োজন; ট্রিক-অর-ট্রিটের পাশাপাশি কুমড়া দিয়ে সাজানোও হ্যালোইনের অন্যতম পরিচিত রীতি। উৎসবের আমেজে মেতে ওঠেন শোবিজ তারকারাও। এবার হ্যালোইন উপলক্ষে এমনই এক উদযাপনে ঘুরে বেড়ালেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।

শনিবার (৩১ অক্টোবর) সকালে সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন স্পর্শিয়া। তাতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডের মেলভিলের একটি ফার্মে কমলা রঙের কুমড়া নিয়ে মেতে উঠেছেন অভিনেত্রী। একটি ছবিতে মাথার ওপর কুমড়া রেখে দুই হাত দুই দিকে ছড়িয়ে পোজ দিয়েছেন তিনি। এ সময় তার চারপাশে অসংখ্য কুমড়া দেখতে পাওয়া যায়। 

অন্য একটি ছবিতে স্পর্শিয়াকে গাড়ি থেকে একটি পোজ নিতে দেখা যায়। যেখানে মাথা বরাবর সাদা দাগ দিয়ে শিং এঁকেছেন; স্নিগ্ধ লুকে ফুটিয়ে তুলেছেন হ্যালোইনের আবহ। শুধু কৃত্রিম কুমড়ার বাগানই নয়, ছবির সঙ্গে দেখা গেছে হ্যাপি হ্যালোইন লেখা একটি সাজানো বোর্ড, পাপেট ও সূর্যমুখী ফুলের বাগানও।

এদিন স্পর্শিয়ার পরনে ছিল শীতের উপযোগী সাদা জ্যাকেট ও সোয়েটার। ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘পাম্পকিন প্যাচ ডে’। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে শরৎকালে হ্যালোইন উপলক্ষে পাম্পকিন প্যাচ বা কুমড়ার বাগানে ঘুরতে যাওয়ার প্রচলন রয়েছে। এসব বাগানে সারি সারি কুমড়া দেখতে পাওয়া যায়। 

অনেকে নিজের পছন্দের কুমড়া বেছে নেন, ছবি তোলেন কিংবা হ্যালোইনের সাজসজ্জার জন্য কুমড়া সংগ্রহ করেন। কুমড়া খোদাই করে তাতে চোখ-মুখ তৈরি করে আলো জ্বালানোর রীতিও রয়েছে, যা ‘জ্যাক-ও-ল্যান্টার্ন’ নামে পরিচিত। স্পর্শিয়ার ছবিতেও দেখা গেল হ্যালোইনের সেই কুমড়াকেন্দ্রিক আয়োজনের আনন্দ।

ইউডি/কেএস

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!