মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

মা হারালেন চিত্রনায়িকা পপি

উত্তরদক্ষিণ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬, ১২:৪২ পিএম

মা হারালেন চিত্রনায়িকা পপি

মা হারালেন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পপির মা মরিয়ম বেগম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন গণমাধ্যমকে জানান, মরিয়ম বেগমের প্রথম জানাজা ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এরপর তার মরদেহ খুলনায় গ্রামের বাড়ি নেওয়া হচ্ছে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে। 

মৌসুমী ও চিত্রনায়ক ওমর সানীর আত্মীয় পপি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ওমর সানী বলেন, “মৌসুমী আর পপি ফার্স্ট কাজিন, সেই সূত্র ধরে পপির মা-ও আমার শাশুড়ি। ১৯৯৭ থেকে তাকে আমি সবসময় আম্মা বলে ডাকতাম, উনি চলে গেলেন পৃথিবীর মায়া ছেড়ে। আল্লাহ জান্নাত নসিব করুন। ক্রমাগত মুরুব্বিদেরকে হারাচ্ছি, তারপর আমার যাওয়ার পালা।” 

দীর্ঘদিন ধরে কিডনি রোগ ও বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন মরিয়ম বেগম। হঠাৎ গুলশান নিকেতনের বাসায় স্ট্রোক করেন। গত ১৪ অক্টোবর দিবাগত রাত পৌনে ২টার দিকে তাকে মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রস্তুতি চলছিল। এমন অবস্থায় রাত দেড়টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

একসময় ঢাকাই সিনেমায় নিয়মিত অভিনয় করেছেন পপি। দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে রয়েছেন চিত্রনায়িকা পপি। চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তার যোগাযোগ নেই বললেই চলে। এমন পরিস্থিতিতে মায়ের মৃত্যুর খবরটি ঘিরে চলচ্চিত্রাঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।

ইউডি/রেজা

দৈনিক উত্তরদক্ষিণ

Advertisement
Link copied!