প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১১:২২ এএম
মার্কিন অভিনেতা জেমস স্লোয়েন মারা গেছেন। ‘দ্য স্টিং’ ও ‘জ্যানাডু’র মতো আলোচিত সিনেমায় অভিনয়ের পাশাপাশি জনপ্রিয় ‘স্টার ট্রেক’ ফ্র্যাঞ্চাইজির বিভিন্ন পর্বে কাজ করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছিলেন তিনি। গত ২২ জুলাই ৮৫ বছর বয়সে তার মৃত্যু হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) ‘দ্য হলিউড রিপোর্টার’-এর এক প্রতিবেদনে জেমস স্লোয়েনের মৃত্যুর খবর প্রকাশ করা হয়। প্রতিবেদনে জানানো হয়েছে, তার মৃত্যুর বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে আসে। সপ্তাহের শেষ দিকে অভিনেতার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
‘স্টার ট্রেক’ সিরিজের দর্শকদের কাছে জেমস স্লোয়েন বিশেষভাবে পরিচিত ছিলেন ‘দ্য নেক্সট জেনারেশন’, ‘ডিপ স্পেস নাইন’ এবং ‘ভয়েজার’-এ অভিনয়ের কারণে। ‘দ্য নেক্সট জেনারেশন’-এ তিনি রোমুলান অ্যাডমিরালের চরিত্রে অভিনয় করেন। পরবর্তীতে ক্লিঙ্গন চরিত্র ওয়ার্কের ছেলের ভূমিকাতেও দেখা যায় তাকে। অন্যদিকে ‘ডিপ স্পেস নাইন’-এ বিজ্ঞানী ড. মোরা এবং ‘ভয়েজার’-এ হাকোনিয়ান বিজ্ঞানী মা’বোর জেটরেলের চরিত্রে অভিনয় করেন তিনি।
১৯৭৩ সালে জর্জ রয় হিল পরিচালিত অস্কারজয়ী চলচ্চিত্র ‘দ্য স্টিং’-এ মোটোলা চরিত্রে অভিনয় করেন স্লোয়েন। সেখানে অপরাধী ডয়েল লনেগানের হয়ে জুয়া পরিচালনাকারী এক কর্মীর ভূমিকায় দেখা যায় তাকে। এ ছাড়া অলিভিয়া নিউটন-জন অভিনীত মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা ‘জ্যানাডু’তেও অভিনয় করেছিলেন তিনি।
১৯৪১ সালের ২৪ ফেব্রুয়ারি ইন্ডিয়ানাপোলিসে জন্মগ্রহণ করেন জেমস স্লোয়েন। চার ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে ছোট। তার বাবা জেমস পেশায় নির্মাণ প্রকৌশলী ছিলেন। বিদেশে এবং নিউইয়র্কের অ্যালবানিতে কিছু সময় কাটানোর পর দ্য আমেরিকান একাডেমি অব ড্রামেটিক আর্টস থেকে স্নাতক সম্পন্ন করেন তিনি। এরপর তিন বছর মার্কিন সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন।

সেনাবাহিনীর দায়িত্ব শেষ করে নিউইয়র্কে ফেরেন স্লোয়েন। সেখানে জোসেফ প্যাপের নিউইয়র্ক শেক্সপিয়ার ফেস্টিভ্যালে অভিনয়ের পাশাপাশি ফাইটিং দৃশ্যের কোরিওগ্রাফার হিসেবেও কাজ করেন। ১৯৬৯ সালে আর্থার কপিটের ‘ইন্ডিয়ান’ নাটকের মাধ্যমে ব্রডওয়েতে অভিনয়ে অভিষেক ঘটে তার। এরপর ১৯৭০ সালে ‘দ্য ট্রাভেলিং এক্সিকিউশনার’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড়পর্দায় যাত্রা শুরু করেন।
১৯৭৩ সালে ক্যালিফোর্নিয়ায় পাড়ি জমান জেমস স্লোয়েন। এরপর ‘দ্য গ্যাং দ্যাট কুডন্ট শুট স্ট্রেইট’, ‘দ্য ডক্টরস’, ‘দ্য স্ট্রিটস অব সান ফ্রানসিসকো’, ‘কোজাক’ এবং ‘ডেলভেকিও’সহ বেশ কয়েকটি সিনেমা ও টেলিভিশন সিরিজে অভিনয় করেন। ১৯৭৭ সালে এবিসির নাটক ‘ওয়েস্টসাইড মেডিকেল’-এ নিয়মিত চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি।
অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও দীর্ঘ সময় কাজ করেছেন জেমস স্লোয়েন। ১৯৮৯ সাল থেকে প্রায় ১৮ বছর টয়োটার বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড লেক্সাসের বিজ্ঞাপনচিত্রে ভয়েসওভার শিল্পী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
মৃত্যুকালে জেমস স্লোয়েন স্ত্রী অভিনেত্রী ডিআরড্রে লেনিগান, ছেলে সংগীতশিল্পী ড্যানিয়েল এবং মেয়ে অভিনেত্রী সামান্থা স্লোয়েনকে রেখে গেছেন। তার ভাই লেখক ও পুলিৎজার পুরস্কারজয়ী সাংবাদিক প্যাট্রিক স্লোয়েন ২০১৯ সালের ফেব্রুয়ারিতে মারা যান।
এস/আর


