বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন: ১১৪ ভেন্যুতে পুলিশের প্রশিক্ষণ শুরু

melongazi

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৭:৪৮ পিএম

স্থানীয় সরকার নির্বাচন: ১১৪ ভেন্যুতে পুলিশের প্রশিক্ষণ শুরু

উত্তরদক্ষিণ। বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৮:৪৮

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দায়িত্ব পালনের জন্য সারাদেশে ১১৪টি ভেন্যুতে পুলিশ সদস্যদের দুই দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ শুরু হয়েছে।

নির্বাচনী দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে পালনের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে পুলিশ সদর দপ্তরের হল অব ইন্টিগ্রিটিতে হেডকোয়ার্টার্স ভেন্যুর প্রশিক্ষণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে, সারাদেশের ১১৪টি প্রশিক্ষণ ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ না নেওয়া ৩৮ হাজার ৮৪৭ জন পুলিশ সদস্যকে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মধ্যে প্রথম ব্যাচে প্রশিক্ষণ নিচ্ছেন ৪ হাজার ৯৬৫ জন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ১ লাখ ৫২ হাজার ১৭৫ জন পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষ্যে তাদের এক দিনের রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হবে।

দুই দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ শেষ হওয়ার পর ওই রিফ্রেশার প্রশিক্ষণ শুরু হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

ইউডি/রেজা

Advertisement
Link copied!