বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বিজিবির ১৯৬ জনকে বীর মুক্তিযোদ্ধার সুবিধা দেওয়ার আদেশ বহাল

mdasadujjmansupto

প্রকাশিত: আগস্ট ১২, ২০২১, ০১:৪৩ পিএম

বিজিবির ১৯৬ জনকে বীর মুক্তিযোদ্ধার সুবিধা দেওয়ার আদেশ বহাল

উত্তরদক্ষিণ| বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১| আপডেট ১৩:৪৫

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৯৬ জনকে বীর মুক্তিযোদ্ধার সকল সুযোগ-সুবিধা দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার (১২ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে বিজিবি সদস্যদের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম, সাবরিনা জেরিন ও আব্দুল কাইয়ূম লিটন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।

এর আগে ২০২০ সালের জুলাই মাসে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১ হাজার ১৩৪ জন বীর মুক্তিযোদ্ধাদের গেজেট বাতিল করে জারি করা প্রজ্ঞাপন ১৯৬ জনের ক্ষেত্রে স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে সব সুযোগ-সুবিধা দিতে নির্দেশ দেন।

বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্টে বেঞ্চ এ আদেশ দেন। পরে এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

গত বছরের ৭ জুন ১ হাজার ১৩৪ জন বিজিবি সদস্যের গেজেট বাতিল করে সরকার। ওই গেজেটে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০০২ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশের পরিপ্রেক্ষিতে রুলস অব বিজনেস ১৯৯৬-এর শিডিউল-১ এর তালিকা ৪১-এর ৫ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতা বলে জামুকার ৬৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক স্বাধীনতা যুদ্ধের পর (১৬ ডিসেম্বর ১৯৭১ সালের) বর্ডার গার্ড বাংলাদেশ এ যোগ দেওয়া বীর মুক্তিযোদ্ধাদের ১ হাজার ১৩৪ জনের নামে প্রকাশিত গেজেট বাতিল করা হলো।

পরে এই প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে বাগেরহাটের সদর উপজেলার বেগুরগাতি গ্রামের মোল্লা মোশাররফ হোসেন, টাঙ্গাইলের সদর উপজেলারে বেথবাড়ীর ফজলুল হকসহ ১৯৬ জন পৃথক চারটি রিট করেন।

Advertisement
Link copied!