mashiurjarif
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২১, ০৮:৫৮ পিএম
উত্তরদক্ষিণ | সোমবার, ১২ এপ্রিল ২০২১ | আপডেট: ২১:০০
হেফাজত ইসলামের আমির শাহ আহমদ শফীর মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন দিয়েছে পিবিআই। এ প্রতিবেদনে ৪৩ জনকে দায়ী করা হয়েছে।
সোমবার (১২ এপ্রিল) চট্টগ্রাম আদালতে এ প্রতিবেদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পিবিআই’র ডিআইজি বনজ কুমার মজুমদার। এই ৪৩ জনের মধ্যে হেফাজতের বর্তমান আমির জুনাইদ বাবুনগরী এবং সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী রয়েছেন বলে জানান তিনি।
বনজ মজুমদার বলেন, এটি একটি ‘দণ্ডার্হ নরহত্যাজনিত অপরাধ’।অর্থাৎ আসামিরা বেপরোয়া আচরণের মাধ্যমে আহমদ শফীর মৃত্যু ত্বরান্বিত করেছেন। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে।
পিবিআই’র চট্টগ্রাম জেলার সুপার নাজমুল হাসান বলেন, এ মামলার তদন্তে অন্তত ২২ জনের সাক্ষ্য নিয়েছেন তারা। মৃত্যুর পাশাপাশি মাদ্রাসায় ভাংচুরসহ বিভিন্ন বিষয় তারা তদন্তে এনেছেন।
আজিজুল হককে অন্য একটি মামলায় রোববার চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। শফীর মৃত্যুর মামলার তদন্তে বাবুনগরীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
গত বছরের ১৮ সেপ্টেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাটহাজারীর বড় মাদ্রাসার (আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মঈনুল ইসলাম মাদ্রাসা) দীর্ঘদিনের মহাপরিচালক আহমদ শফী। মৃত্যুর আগের দিন মাদ্রাসায় তুমুল হট্টগোলের মধ্যে শফী মহাপরিচালকের পদ ছাড়তে বাধ্য হন। তার ছেলে মাদ্রাসার সহকারী পরিচালক আনাস মাদানিকেও বহিষ্কার করা হয়।
হেফাজতের মধ্যে বিবাদের মধ্যে গত ১৭ ডিসেম্বর শফীর শ্যালক মো. মইন উদ্দিন চট্টগ্রামের আদালতে মামলা করেন। অভিযোগ করা হয়, আহমদ শফীকে ‘মানসিক নির্যাতন করে’ পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যেখানে ৩৬ জনকে আসামি করা হয়েছিল।