বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সাপ্তাহিক পুঁজিবাজার: কমেছে সূচক, পতনের ধারা লেনদেনেও

UttorDokkhin

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২১, ১০:১৭ এএম

সাপ্তাহিক পুঁজিবাজার: কমেছে সূচক, পতনের ধারা লেনদেনেও

উত্তরদক্ষিণ | শনিবার, ০৩ এপ্রিল, ২০২১ | আপডেট: ১০:১৩

গেল সপ্তাহে সূচক কমেছে দেশের পুঁজিবাজারে। পাশাপাশি সাড়ে ৪ হাজার কোটি টাকার বেশি বাজার মূলধন হারিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। পতনের ধারা অব্যাহত রয়েছে লেনদেনেও। দেশের উভয় স্টক এক্সচেঞ্জেই টাকার অংকে মোট লেনদেন গত সপ্তাহে কমেছে।

সাপ্তাহিক পুঁজিবাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

জানা যায়, গেল সপ্তাহে লেনদেন শুরুর আগে ডিএসইর বাজার মূলধন ছিল ৪ লাখ ৬৩ হাজার ৩৯৪ কোটি টাকা। সপ্তাহ শেষে তা কমে দাঁড়িয়েছে ৪ লাখ ৫৮ হাজার ৬৮০ কোটি টাকায়। অর্থাৎ চার কার্যদিবসের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৪ হাজার ৭১৪ কোটি টাকা বা ১ দশমিক শূন্য ৭ শতাংশ।

বাজার মূলধনের পাশাপাশি গত সপ্তাহে ডিএসইতে টাকার অংকে মোট লেনদেনও কমেছে। গত সপ্তাহের চার কার্যদিবসে ডিএসইতে ২ হাজার ২৮ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যেখানে আগের সপ্তাহের পাঁচ কার্যদিবসে লেনদেন ছিল ৩ হাজার ৮ কোটি ৮৪ লাখ টাকা। সেই হিসাবে টাকার অংকে লেনদেন কমেছে ৩২ দশমিক ৫৭ শতাংশ। সর্বশেষ সপ্তাহে স্টক এক্সচেঞ্জটিতে প্রতি কার্যদিবসে গড়ে ৫০৭ কোটি ২০ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৬০১ কোটি ৭৭ লাখ টাকা।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৫৭ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ৬ শতাংশ কমে ৫ হাজার ২৭০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ৫ হাজার ৩২৭ পয়েন্ট। এ সময়ে ৩৭ দশমিক ৬০ পয়েন্ট বা ১ দশমিক ৮৬ শতাংশ কমেছে নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০। সপ্তাহ শেষে সূচকটির অবস্থান ছিল ১ হাজার ৯৮৩ পয়েন্টে, আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ২১ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস ১৫ পয়েন্ট বা ১ দশমিক ২৪ শতাংশ কমে ১ হাজার ২০২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১ হাজার ২১৭ পয়েন্টে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে সপ্তাহ শেষে দর বেড়েছে ৯১টির, কমেছে ১২৩টির, অপরিবর্তিত ছিল ১৫৭টির আর লেনদেন হয়নি তিনটির।

সিএসই
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহের চার কার্যদিবসে মোট ১৩১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহের পাঁচ কার্যদিবসে যেখানে লেনদেন হয়েছিল ২৮৫ কোটি ৭৯ লাখ টাকা। সেই হিসাবে সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১৫৪ কোটি ৪২ লাখ টাকা বা ৫৪ শতাংশ।

গত সপ্তাহে সিএসসিএক্স সূচক ১ দশমিক শূন্য ৯ শতাংশ কমে ৯ হাজার ২০৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ৯ হাজার ৩০৫ পয়েন্ট। আলোচ্য সময়ে এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৪৮টির আর অপরিবর্তিত ছিল ৮০টির বাজারদর।

লেনদেনে শীর্ষে
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ২৯৩ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে এর পরেই ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আলোচ্য সময়ে কোম্পানিটির মোট ১৩৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে এর পরের অবস্থানে ছিল রবি আজিয়াটা লিমিটেড। চার কার্যদিবসে কোম্পানিটির মোট ৯৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া লেনদেনে শীর্ষ ১০ সিকিউরিটিজের তালিকায় রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, রহিমা ফুড করপোরেশন লিমিটেড ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) লিমিটেড।

টপ গেইনার
সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড। সপ্তাহজুড়ে ইউনিটটির দর ২৮.৩৬ শতাংশ বেড়েছে। ডিএসই’র সপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে।
আলোচ্য সপ্তাহে ইউনিটটি সর্বমোট ৬ কোটি ৩৮ লাখ ১০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৫৯ লাখ ৫২ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৮ দশমিক ৩০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪৫ কোটি ৭৬ লাখ ১৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৪৪ লাখ ৩ হাজার টাকা।
সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১৮ দশমিক ৩০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২ কোটি ৯৪ লাখ ২৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭৩ লাখ ৫৬ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, নিটল ইন্স্যুরেন্স, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, রহিমা ফুড কর্পোরেশন ও হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেড।

Advertisement
Link copied!